সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা

পাচারের সময় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে ৭০ বস্তা সার আটক করেছেন স্থানীয়রা। সারগুলো পাশের জেলা কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পাচার হচ্ছিল।

এ ঘটনায় সার পাচারের দায়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুলাল মিয়া নামক এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিএডিসির সার ডিলার শফিকুল আলমকে ২০ ও সারপুকুর ইউনিয়নের বিএডিসির সার ডিলার মনিরুজ্জামান মনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারের একটি মুদি দোকান ও পাশের একটি গোডাউন থেকে পিকআপ ও ভ্যানে করে এসব সার কুড়িগ্রামের চিলমারীতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারবোঝাই যানবাহন আটক করেন।

আটক করা সারের মধ্যে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সার রয়েছে।

খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের দায়ে কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুই সার ডিলারকে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম বলেন, খবর পেয়ে আমরা এখানে উপস্থিত হয়ে সারপুকুর ও সাপ্টিবাড়ি সার ডিলারের নানান অসঙ্গতি পেয়েছি। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও পাচারকারীকে জেল দেওয়া হয়। এই সারের বিষয়ে আরও তদন্ত করা হবে।