পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে বদলে যাচ্ছে আবহাওয়া। দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যা নামার পর বাড়ছে শীতের অনুভূতি। এর মধ্যে এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসের অনুভূতিও বাড়ছে। ভোরে ও সকালে শীতের প্রকোপ বেশি টের পাওয়া যাচ্ছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও বিকাল গড়ানোর পর থেকে আবহাওয়া শীতল হয়ে উঠছে।
আবহাওয়ার এই পরিবর্তনে সকালে কুয়াশায় ঢেকে যাচ্ছে জনপদের বিভিন্ন এলাকা। চা-বাগান, খোলা মাঠ ও গ্রামীণ পথঘাটে কুয়াশার আবরণে দেখা মিলছে হেমন্তের ভিন্ন রূপ। প্রকৃতিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে শীতের আগমনী বার্তা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের শুরু হওয়ায় সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।