রংপুর নগরীতে প্রকাশ্য দিবালোকে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে টাকা তুলে ফেরার পথে এক বৃদ্ধা নারীর কাছ থেকে ৩ লাখ ১২ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র কৌশলে তার টাকাভর্তি ব্যাগ থেকে সব টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
গত সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার দুই দিন পার হলেও মামলা রেকর্ড করেনি রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ।
ভুক্তভোগী মাবিয়া বেগম রংপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর আদর্শপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত ছফুর উদ্দিনের স্ত্রী। মাবিয়া বেগমের নামে রংপুর নগরীর স্টেশন রোডের সোনালী ব্যাংক প্রধান শাখায় একটি পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। গত ৯ নভেম্বর সোমবার দুপুরে সেখান থেকে ৩ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করেন।
ওই টাকা একটি ব্যাগে নিয়ে প্রতিবেশী আফরোজা বেগমকে সঙ্গে করে ব্যাংকের গেটে আসেন। এ সময় এক অজ্ঞাতপরিচয় যুবক ব্যাংক থেকে তাদের অনুসরণ করছিল। পরে তারা একটি অটোরিকশায় করে রংপুর সিটি বাজারের সামনে যান। সেখান থেকে নেমে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ওই যুবক বৃদ্ধার হাত ধরে তাকে রাস্তা পার করে দেয়। এরপর বাজারে কেনাকাটা শেষে তারা আবার অটোরিকশায় ওঠেন। ধাপ পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছে মাবিয়া বেগম দেখেন, তার টাকা রাখা ব্যাগের চেইন খোলা। তখনই বুঝতে পারেন, ব্যাগের পুরো টাকাই ছিনতাই হয়ে গেছে।
পরে তিনি সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে টাকা হারানোর বিষয়টি জানান। ব্যাংকের লোকজন তাকে বলেন, ওই যুবককে তারা চেনেন। মাবিয়া বেগমের প্রশ্ন, ব্যাংকে ১০ জন আনসার ও ১০ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকেন। তিনি চেক জমা দেওয়া থেকে টাকা উত্তোলন পর্যন্ত তাদের সামনেই ছিলেন। টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়ার পরও ওই যুবক তাদের পিছু নেয়। এমনকি অটোরিকশায় ওঠার সময়ও তাদের সঙ্গে একই অটোরিকশায় ওঠে।
হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাবিয়া বেগম বলেন, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোতোয়ালি মেট্রো থানায় লিখিত অভিযোগ করেও কোনও প্রতিকার পাইনি। দুই দিন পার হলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। এমনকি কোনও সহযোগিতাও করছে না পুলিশ।
বৃদ্ধার অভিযোগ, থানায় অভিযোগ দিতে গেলে ওসি ওয়াদুদ আলম তার সঙ্গে রাগারাগি করেন। পরে এসআই আরাফাতকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হলেও দুই দিনেও ওসি বা ওই এসআই পদক্ষেপ নেননি।
মাবিয়া বেগমের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সোনালী ব্যাংকের প্রধান শাখার সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ জড়িত থাকতে পারেন বলে আমাদের আশঙ্কা। ৯ নভেম্বরের সিসিটিভি ফুটেজে ওই যুবককে ব্যাংকের ভেতরে সার্বক্ষণিক দেখা যাওয়ার পরও কেন তাকে শনাক্ত বা গ্রেফতার করা গেলো না? আমরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এখনও মামলা রেকর্ড করা হয়নি।’
কেন মামলা নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি বলছেন, তাহলে মামলা নিই।’ ওসির এমন প্রতিক্রিয়া এবং অভিযোগ পাওয়ার পরও মামলা রেকর্ড না করার বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনেরা।