ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় এক গণমাধ্যমকর্মীর স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের আট বছর বয়সী মেয়ে আল-আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তার মেয়ে রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়েমুচড়ে সড়কের পাশের ধানখেতে ছিটকে পড়ে। এ সময় চালকসহ গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।