রংপুরে চার খুন: আদালতে চার্জশিট জমা দিতে এসে বিপাকে তদন্ত কর্মকর্তা, গেলেন ফিরে

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করতে গিয়ে বিপাকে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটে একাধিক অসংগতি এবং ‘চুরির ঘটনাকে ঘিরে হত্যাকাণ্ড ঘটেছে’ এমনটি উল্লেখ থাকার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেটি সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে গেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রবিবার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিলের জন্য নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু বিষয়ে অসংগতি ধরা পড়ে। পরে চার্জশিটটি জমা না দিয়েই ফিরিয়ে নেন তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় চার খুনের মামলার তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না।’

তবে আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধান না করে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই চারজনকে হত্যার ঘটনা বর্ণনা দিয়ে চার্জশিট তৈরি করা হয়েছে। আবার খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়ার যে প্রতিবেদন সিআইডির ফরেনসিক ল্যাব থেকে দেওয়া হয়েছিল, সেটি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি। এ ছাড়া ঘটনার পর থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে যে সন্দেহ প্রকাশ করে আসছেন। তাদের সেই অভিযোগ তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি। এমনকি পূর্ণাঙ্গ আকারে চার্জশিট তৈরি করা হয়নি।

যেভাবে ফিরিয়ে নেওয়া হলো চার্জশিট

সকালে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের ফোন করে জানানো হয়, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যাকাণ্ডে মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হবে। খবর পেয়ে এই প্রতিবেদকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে যান।

সেখানে গিয়ে দেখা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী মামলা সংক্রান্ত সিডি, চার্জশিট ও অন্যান্য কাগজপত্র নিয়ে আদালত চত্বরে এসেছেন। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতে গিয়ে সংশ্লিষ্ট শাখায় চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, চার্জশিট পর্যালোচনা করতে গিয়ে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি চোখে পড়ে। তিনি তদন্তকারী কর্মকর্তাকে সেগুলো সংশোধনের পরামর্শ দেন। এরপর জিন্নাত আলী সব কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সনাতন চক্রবর্তী।

মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। চার্জশিটে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে তদন্তে অসংগতি ধরা পড়ায় শেষ পর্যন্ত সেটি আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

খেজুরের বিচি, শসা ও গামছায় আসামিদের ডিএনএ

শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যাকাণ্ডে কয়েকটি আলামতে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে বলে গত ১২ অক্টোবর জানিয়েছেন মামলার তদন্তকারী কর্তকর্তা। এর মধ্যে খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। ওই হত্যাকাণ্ডে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা ঢাকায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ওই তথ্য উল্লেখ করা হয়। 

ওই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণে চার হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধের জড়িত থাকারই প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে নিহত চারজন ও এই দুই আসামি ছাড়া ডিএনএতে অন্য কারও উপস্থিতির প্রমাণ মেলেনি। ইতিমধ্যে মামলাটির তদন্তকাজ শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

জিন্নাত আলী বলেছিলেন, গত ৯ অক্টোবর ঢাকার সিআইডি কার্যালয় থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এর আগে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ৩১ ধরনের নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে উল্লেখযোগ্য ছিল, খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ ও দুই আসামির রক্তের নমুনা।

ধর্ষণের আলামত মেলেনি

চার হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও তার মা প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে সন্দেহ ও প্রশ্ন ছিল। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। তবে প্রতিবেদনে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

চারজনকে যেভাবে হত্যা করা হয় 

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আদালতে সাক্ষ্য দেওয়া চারজন এবং পুলিশের কাছে জবানবন্দি দেওয়া ৫৬ জনের বক্তব্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

জিন্নাত আলীর ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীকে সিদ্ধার্থ ও মুগ্ধ দুজনে মিলে হত্যা করেন। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে হত্যা করেন মুগ্ধ দাস। তাদের কলেজপড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ দাস। আর ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ দুজন মিলে।

উদ্দেশ্য ছিল টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

চারজনকে হত্যার কারণ সম্পর্কে জিন্নাত আলী ১২ অক্টোবর বলেছিলেন, আসামিরা খবর পেয়েছিলেন গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০-৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন। এ ছাড়া বাড়িতে অনেক স্বর্ণালঙ্কারও রয়েছে বলে তাদের ধারণা ছিল। মূলত চুরির উদ্দেশ্যে তারা বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করেন। এরপর একে একে পরিবারের সদস্যদের হত্যা করেন।

জিন্নাত আলী আরও বলেছিলেন, মামলায় এলাকার শান্ত দাস, সীমান্ত দাস, দুলাল শর্মা ও কেন্দ্রীয় মহাশ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন ৫৬ জন।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২৩ আগস্ট রংপুর নগরীর কোতোয়ালি থানায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠায়। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলাটি প্রথমে নগরের কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়।