রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটের তার ছিঁড়ে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ নভেম্বর) রাতে। ভাগ্যক্রমে ওই সময় লিফটে কেউ ছিল না। বর্তমানে একটি লিফট দিয়ে কোনোরকমে রোগীরা ওঠানামা করছেন।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, হাসপাতালের একটি লিফটের বয়স ৩০ বছরেও বেশি সেটি মালামাল ও রোগী পরিবহন কাজে ব্যবহৃত হয়। মাসের বেশিরভাগ সময় অচল থাকে।
এদিকে লিফটের দায়িত্বে থাকা কর্মচারী বেলাল জানান, হাসপাতালের তিনটি লিফটের একটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। সচল দুটির একটিও অচল হয়ে গেছে। ফলে মুমূর্ষু রোগীদের হাসপাতালের ৫তলা পর্যন্ত নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বয়স্ক নারী পুরুষদের অবস্থা আরও করুণ।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিকট শব্দে লিফটের তার ছিঁড়ে পড়ে। এ সময় হাসপাতালের নিচে অপেক্ষমাণ রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালের ৫ম তলা থেকে নিচে নামার সময় তিনতলায় লিফটির তার ছিঁড়ে যায়। তখন দরজাসহ লিফটের ব্যাপক ক্ষতি হয়।
রোগীর স্বজন আকলিমা বেগম জানান, পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় বিকট শব্দ শোনেন। পরে জানতে পারেন, লিফটের তার ছিঁড়ে গেছে।
একই কথা জানান রহমান মিয়া নামে এক রোগী। তিনি নিচতলা থেকে চারতলা যাওয়ার অপেক্ষা করছিলেন।
এ ঘটনার পর হাসপাতালের লিফট ইনচার্জসহ কর্মচারীরা মেরামত করার চেষ্টা করছেন। তবে তারা লিফটি সচল হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফট ইনচার্জ মোজাম্মেল হক বলেছেন, লিফট সচল করার চেষ্টা করা হচ্ছে।