পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অর্ধশতাধিক

ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায়  অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হাজীপুর ইউনিয়নের শাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নব নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যন সিদ্দিকুর রহমানের বিজয় মিছিল পরাজিত আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীনের বাড়ি পার হওয়ার সময় ওই বাড়িতে হামলা চালায়। পরে আওয়ামী লীগ সমর্থকরা খবর পেয়ে তাদের ওপর হামলা চালায়। এরপর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর তাদের ৮ জনকে রংপুরে রেফার্ড করা হয় বলে পীরগঞ্জ হাসপাতাল সূত্র জানায়।

আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীন জানান, জাতীয় পার্টির প্রার্থীর লোকজন আগে আমার বাড়িতে ও আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা করেছে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়।

এদিকে পাল্টা অভিযোগ করে নব-নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগের পরাজিত প্রার্থীই আমার বিজয় মেনে নিতে না পারায় এই হামলা চালিয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

ফেনীতে ধর্ষক গ্রেফতার, নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন

/এআর/ এএইচ/