৬২০ বোতল ফেন্সিডিল রাখার দায়ে আরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। আসামি আরিফুল ইসলাম জামিন নেওয়ার পর থেকে পলাতক। এ কারণে তার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। গ্রেফতার হওয়ার দিন থেকে এই সাজা কার্যকর হবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেছেন।
আরও পড়তে পারেন : আইনের আওতায় এনে খুনিদের বিচার নিশ্চিতের আহ্বান ইইউ’র, জার্মানির নিন্দা
মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি আখতারুজ্জামান পলাশ অ্যাডভোকেট জানান, গোপন সংবাদের ভিত্তি ২০১৩ সালের ২৭ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের পীরগজ্ঞ উপজেলার আংড়ার ব্রিজ এলাকা থেকে ফেনসিডিলসহ আরিফুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় এসআই জয়নাল আবেদিন বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি আরিফুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি আরিফুলের বাড়ি রংপুরের পীরগজ্ঞ উপজেলার কাশিপুর পূর্বপাড়া গ্রামে।
/জেবি/