সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশ পরিচয়ে এক যুবককে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে এক কারারক্ষীসহ তিনজনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী পৃথেশ বৈদ্য (২৬) এবং মোহন মিয়া (২২) ও ইউসুফ মাশওয়াত (১৯)।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, শনিবার বেলা ১২টার দিকে সিলেট শহরতলীর আটগাঁও নোয়াগাঁও এলাকার বাসিন্দা রাব্বীকে (২২) গাড়িতে তুলে নিয়ে একটি ভবনের ছাদে আটক রাখে ওই তিনজন। শুরুতে তারা রাব্বীর পকেটে থাকা ৮৫ টাকা নিয়ে যায়। তিনজনের মধ্যে পৃথেশ পুলিশ অফিসার এবং বাকি দুজন নিজেদের কনস্টেবল হিসেবে পরিচয় দেয়। তারা ৫০ হাজার টাকা না দিলে রাব্বীকে কোর্টে চালান দেওয়ার হুমকি দেয়।
আরও পড়ুন: বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ
একপর্যায়ে কোর্টে চালান দেওয়া হবে না-এই শর্তে ১০ হাজার টাকায় তাদের মধ্যে দফা-রফা হয়। পরবর্তীতে রাব্বী তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে তাদের ৩ হাজার টাকা দেয়। বাকি টাকা নেওয়ার জন্য রাব্বীকে সঙ্গে করে তার বাড়িতে গেলে ওই তিনজনকে এলাকাবাসী আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে নিয়ে আসে।
এ ঘটনায় রাব্বী বাদী হয়ে এই তিনজনকে আসামি করে শাহপরাণ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ে করেছেন।
শনিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
/এসটি/