সিলেটে ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেটের অপসারণ কাজ শুরু

অবশেষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন বহু বছরের পুরনো সিটি সুপার মার্কেটের অপসারণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত এই মার্কেটের তৃতীয় তলার দোকান ভাঙার কাজ শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। দিনব্যাপী পরিচালিত এই অভিযানের প্রথম দিনে তৃতীয় তলার ১৪টি দোকান ভাঙা হয়। তৃতীয় তলায় সব মিলিয়ে দোকানের সংখ্যা ১০৮টি। পর্যায়ক্রমে তৃতীয় তলার সবগুলো দোকান ভাঙা হবে বলে জানিয়েছে সিসিক’র প্রকৌশল শাখা।scc-pic-10.5

প্রাথমিকভাবে তৃতীয় তলা অপসারণ কাজ শেষ হওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে পুরো মার্কেট ভেঙে নতুন আঙ্গিকে অত্যাধুনিক মার্কেট নির্মাণের কথা জানিয়েছেন সিটি  করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

অপসারণ কাজ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হাবীব জানান, ‘বিশেষজ্ঞ প্রকৌশলীরা এই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। বিষয়টি মার্কেটের ব্যবসায়ী সমিতিকে জানিয়ে অপসারণের জন্য লিখিতভাবে নোটিশও দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সিটি  করপোরেশন নিজ উদ্যোগে মার্কেটের তৃতীয় তলা অপসারণ করছে।’

এনামুল হাবীব আরও জানান, সর্বশেষ ৯ মে অনুষ্ঠিত সিটি  করপোরেশনের মাসিক সভায়ও সিটি সুপার মার্কেট পুরোপুরি ভেঙে নতুনরূপে ডিজাইন প্রণয়নের মাধ্যমে অত্যাধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন মার্কেটে নীতিমালা মোতাবেক মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিটি সুপার মার্কেট কমিটির সভাপতি জয়নুল হোসেন জানান, তারাও চান সিটি সুপার মার্কেট ঝুঁকিমুক্ত থাকুক। সেজন্যই তারা সিটি কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। ব্যবসায়ীরা যাতে ক্ষতির শিকার না হন সেই দিকটি অগ্রাধিকার দিয়ে এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান ব্যবসায়ীদের পজিশন রেখে এখানে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হলে তাদের আপত্তি নেই বলে জানান তিনি।

অপসারণ কাজ চলাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, সিটি করপোরেশনের কাউন্সিলর কুহিনুর ইয়াসমীন ঝর্ণা, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: এই ‘ভি’ পরাজয়ের

গত ২১ এপ্রিল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মহানগরীর তাঁতীপাড়ায় ৩ তলা একটি ভবন (বাসা নম্বর ৯) সিটি করপোরেশনের উদ্যোগে ভাঙার মধ্য দিয়ে সিলেট মহানগর এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কাজ শুরু হয়। ৮ মে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়। আজ মঙ্গলবার শুরু হয় তৃতীয় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ।  

/বিটি/টিএন/আপ-এআর/