মৌলভীবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানায় মামলা হয়েছে। পরে এ ঘটনায় সোমবার রাতে আটক চা শ্রমিক স্বপন রাজভরকে (২০) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা চা-বাগানের শ্রমিক।
সোমবার সকালের দিকে তিনি কাজে চলে যান। দুপুরের দিকে শিশুটিকে ঘরে রেখে তার মা পাশের একটি বাড়িতে কাজে যান। এ সুযোগে প্রতিবেশী স্বপন রাজভর এসে দুই টাকার একটি নোট বের করে শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে তিনি পালিয়ে যান। কাজ থেকে ফেরার পর শিশুটি মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ বাগানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় স্বপনকে আটক করে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/বিটি/টিএন/আপ-এআর/