সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন ব্যাহত

ছাতক সিমেন্টছাতক সিমেন্ট কারখানার ‘এফএলএস ক্রাসারটি’ (পাথর ভাঙার যন্ত্রবিশেষ) নষ্ট হওয়ায় কাঁচামাল (চুনাপাথর) প্রক্রিয়াকরণের সমস্যাজনিত কারণে ২৪ মে রাত থেকে কারখানার কাঙ্ক্ষিত মাত্রার উৎপাদন ব্যাহত হচ্ছে জানা যায়। সম্প্রতি ২০ কোটি টাকার সংস্কার কাজ সম্পন্ন করা হলেও কারখানাটি সামর্থ্য অনুযায়ী উৎপাদনে যেতে পারছে না।
কারখানার দুটি কিলনের মধ্যে এইচইসি কিলনটি সচল থাকলেও এফএলএস কিলনটি এখনও চালু করতে পারছেন না কর্তৃপক্ষ। এ জন্য অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বহীনতাকে দায়ী করছেন কারখানার সাধারণ শ্রমিকরা।
জানা যায়, প্রায় চার মাস আগে কারখানার উভয় কিলন চালু ও উৎপাদন উপযোগী করে কারখানা কর্তৃপক্ষের কাছে চালু অবস্থায় হস্তান্তর করার কথা থাকলেও এখন পর্যন্ত  দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশন তা করতে পারেনি।
এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের মালামাল সরবরাহে দেরি হওয়াকে দায়ী করছেন ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিষ্ঠার ৮০ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে দেশের প্রাচীনতম সিমেন্ট উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ব এ প্রতিষ্ঠান।

এর ফলে প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক আরও বলেন, ক্রাসার অচল হওয়ায় ভারতীয় শ্রীজা মেটালের সরবরাহকৃত সাড়ে ৩ কোটি টাকার যন্ত্রাংশ ক্রাসারে আপাতত ব্যবহৃত হচ্ছে না।

এফএলএস কিলন হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রশ্নে ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশনের পিএম গোলাম কিবরিয়া আজাদ জানান, প্রয়োজনীয় মালামাল সরবরাহে দেরি হওয়ার কারণে হস্তান্তর  প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। মালামাল প্রাপ্তি সাপেক্ষে দ্রুত চালু ও হস্তান্তর  করা সম্ভব হবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল হাসনাত চৌধুরী জানান, কারখানায় অনিষ্টকারী কিছু শ্রমিকের জন্য উৎপাদন ব্যহত হচ্ছে। তাদের বদলি করা হলে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: পাবনায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা, পিতা পুত্র আটক

/এইচকে/