শাবিপ্রবিতে নিলয়ের জানাজা সম্পন্ন

শাবি-শিক্ষার্থী-নিলয়শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্র হল সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়া শিক্ষার্থী নিলয় মোহাম্মদ আজমের জানাজা ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া,  শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
উপাচার্য আমিনুল হক ভূঁইয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল রবিবার নিলয়ের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে জানালে আজ ভোরে তার (নিলয়) ৩ জন চাচাতো ও মামাতো ভাই আসেন। তারা হলেন শাখাওয়াত হোসেন রিপন, শরীফুর রহমান ও আরিফুর রহমান। ক্যাম্পাসে জানাজা শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করে গ্রামের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

শাখাওয়াত হোসেন রিপন বলেন, নিলয় খুবই শান্ত শিষ্ট ছিল। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। তাকে হারিয়ে বাড়িতে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে জানাজার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের উপস্থিতিতে তার লাশ স্বজনদের হেফাজতে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে করে তার গ্রামের বাড়ি কুমিল্লাতে পাঠানো হয়।

নিহত নিলয় মোহাম্মদ আজম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের (শিক্ষাবর্ষ ২০১২-১৩) শিক্ষার্থী। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হল সংলগ্ন পুকুরে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি।

আরও পড়ুন: নীলফামারীর সরকারি হাসপাতালগুলোয় স্যালাইন সংকট, বিপাকে রোগীরা

/এআর/টিএন/