চার শিশু হত্যাকাণ্ড

প্রধান আসামি আব্দুল আলীসহ ৫ আসামির জামিন নামঞ্জুর

হবিগঞ্জে চার শিশু হত্যা
হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলীসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। তবে অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া দুই আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরন শংকর হালদার এ আদেশ দেন। আগামী ২০ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

জামিনপ্রাপ্তরা হলেন আসামি বশির ও সালেহ আহমেদ।

জামিন নামঞ্জুরকৃত আসামিরা হলেন পঞ্চায়েত প্রধান আব্দুল আলী, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া, শাহেদ মিয়া।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা জানান, চার্জশিট থেকে অব্যাহতি পাওয়া আসামী বশির ও সালেহ আহমেদদের জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে বিচারক মামলার অন্যতম আসামি আব্দুল আলীসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশ্ববর্তী স্থানে চার শিশুর মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আব্দুল আলীসহ সাতজনকে গ্রেফতার করে এবং ঘটনার অন্যতম আসামি বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হন। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন:
রাজধানীতে ভাইবোনসহ তিনজনকে কুপিয়ে ছিনতাই

আমি হেড অব দ্য গভর্নমেন্ট, গুপ্তহত্যার সব তথ্য আমার কাছে আছে: প্রধানমন্ত্রী

/বিটি/