কমলগঞ্জে মনিপুরী ঠাকুর পরিবারকে ধর্ম পরিবর্তনের হুমকি

মৌলভীবাজারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও গ্রামে মনিপুরী ঠাকুর পরিবারকে উড়ো চিঠি দিয়ে ধর্ম পরিবর্তনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন সরেজমিন তদন্ত করে মনিপুরী ঠাকুর পরিবারের নিরাপত্তা জোরদার করেছে।
রবিবারের  এ ঘটনার পর থেকে কমলগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত উত্তর বালিগাঁও গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের শেখর মুখার্জীর বাড়িতে একটি উড়ো চিঠি পাওয়া যায়। একটি সাদা কাগজে হাতে লেখা ছিল, মনিপুরী ঠাকুর পরিবারের সদস্যদের অতি শিগগিরই  ধর্ম পরিবর্তন করতে হবে। তা না হলে ‘৩০২ ধারা কার্যকর’ করা হবে। এ বিষয়ে কোথাও কোনও অভিযোগ করলে বা পুলিশে খবর দিলে নির্যাতনসহ চরম প্রতিশোধ নেওয়া হবে।
কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদুল হক উড়ো চিঠিতে মণিপুরী পরিবারকে হুমকির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উত্তর বালিগাঁও গ্রামে মণিপুরী এলাকা পরিদর্শন করেছি। পরে রাতেই আবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম ও কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসানকে নিয়ে এ গ্রামে গিয়ে সংখ্যালঘু মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বসে বৈঠক করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্থ করা হয়েছে।  এসময় কমলগঞ্জ সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সুলেমান হোসেন ভূট্টো উপস্থিত ছিলেন। বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্থ করা হয়। রবিবার রাত থেকেই উত্তর বালিগাঁও গ্রামে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে  জাহিদুল হক বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

তবে কমলগঞ্জের সবগুলো মন্দির, সংখ্যালঘু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ স্থাপনা, গীর্জাতে নিরাপত্তা বিধানে সব ধর্মের মানুষের সমন্নয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মুঠোফোনে জানান ঢাকায় অবস্থানরত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

উত্তর বালিগাঁও গ্রামের মণিপুরী ঠাকুর পরিবারের ঠাকুর শেখর মুখার্জীর ছেলে নিপেন মুখার্জী বলেন,   একটি সাদা খামে জনাব ঠাকুর পরিবার নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। উড়ো চিঠিতে ঠাকুর পরিবারের সবাইকে ধর্ম পরিবর্তনের হুমকি দেওয়া হয়। তবে কে বা কারা চিঠিটি পাঠিয়েছে তা লেখা নেই। এ ঘটনার পর মন্দিরের পুরোহিত শেখর মুখার্জী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। সোমবার বিকেলে তাকে দেখানোর জন্য বাড়িতে চিকিৎসককে ডাকা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান সোমবার বিকেলে বলেন, আমরা  হুমকি দেওয়ার অভিযোগে ইতোমধ্যে ওই এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করেছি। এছাড়া স্থায়ীভাবে পুলিশ পাহারা বসানো হয়েছে।

/এআর/

আপ: এইচকেআপ: শেবাচিমে ‘গণহারে’ অসুস্থ রোগীদের নাম কেটে দেওয়ার অভিযোগ