সুনামগঞ্জে মেস, ছাত্রাবাস ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে বেশ কয়েকটি সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন। জেলা গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা একথা জানিয়েছেন।
তিনি জানান, জেলার চারটি পৌরসভা ও ১১টি উপজেলা সদরসহ সব এলাকা ও প্রতিষ্ঠানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জেলা সদরসহ সব গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ তৎপর রয়েছে। পৌরসভার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহের কাজ করা হবে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বিভিন্ন আবাসিক এলাকার ভাড়াটিয়াদের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে ইতিমধ্যে কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের তথ্য দিয়ে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, ছাত্রাবাস, মেসসহ সব সন্দেহভাজন এলাকায় সপ্তাহে দুবার তল্লাশি চালানো হবে। এজন্য পুলিশ, র্যাব, আনসার গ্রামপুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে। উপজেলা পর্যায়ে নিজ নিজ থানায় গোয়েন্দা ইউনিট নিয়মিত কাজ করছে। সুনামগঞ্জকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে পুলিশ তৎপর রয়েছে।
আরও পড়ুন: দেড় বছর ধরে তিনজন নিখোঁজ, পরিবারের অভিযোগ উদ্ধারে তৎপর নয় পুলিশ
/এসটি/