হবিগঞ্জের পৃথক দুটি এলাকা থেকে শুক্রবার অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার সীমান্তবর্তী সুরমা চা-বাগান থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। আর বাহুবল উপজেলার মহাশয়ের বাজারের পাশে মিলেছে এক পুরুষের লাশ।
বৃদ্ধার মরদেহ উদ্ধারের বিষয়ে মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্যকোনও স্থানে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ চা-বাগানে ফেলে রাখা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
অন্যদিকে শুক্রবার দুপুরে বাহুবলে মহাশয়ের বাজারের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, মৃত ব্যক্তির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
/এআরএল/আপ-এনএস/
আরও পড়ুন: ব্যাংকে পথশিশুদের ২১ লাখ টাকা