নামের বানান ভুল করার কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই অফিস সহকারীকে শোকজ করার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সোমবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ নির্দেশ দেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. মহসীন জানান, সোমবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় দিনের আলোচ্যসূচির বিশদ বিবরণ লেখা ছিল না এবং বিগত সভার কার্যবিবরণীতে সভাপতির নাম ‘আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি’র স্থলে ‘আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শীহদ’ লেখা ছিল। কমিটির সভা শুরুর পর বিগত সভার রেজুলেশনে লেখাটি সংসদ সদস্যের নজরে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে ওই ২ অফিস সহকারীকে শোকজ করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন টিটো বলেন, সভাপতির নির্দেশ মোতাবেক অফিস সহকারী দু’জনকে শোকজ করা হবে।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি (উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ) জাতীয় সংসদের আইন প্রণেতা। উনার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিষয়টি মৌখিকভাবে অবহিত হয়েছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে লিখিত পাওয়ার পর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এসময় স্বাস্থ্য কমিটির অন্য সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন টিটোর বিরুদ্ধে হাসপাতাল পরিচালনায় প্রশাসনিক অদক্ষতার অভিযোগ তুলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় সভাস্থলে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হলে সংসদ সদস্য স্বাস্থ্য কমিটির সভা মুলতবি ঘোষণা করেন।
- প্রতিমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দুদকের ১৪ মামলার আসামি
- সরকারি গাছ কাটায় সরিষাবাড়ির ইউপি চেয়ারম্যান কারাগারে
/এমও/