প্রতিবেশির সঙ্গে বিরোধের সূত্র ধরে সাত মাস বয়েসী নিজ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। সোমবার সকালে হবিগঞ্জে জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে ঘটে এ ঘটনা। শিশু হত্যার বিষয়টিসহ এর সূত্র ধরে তিনজনকে আটকের খবর বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী।
নিহত শিশুর নাম ইপা আক্তার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন শিশুর মা মিলন বেগম, দাদি খোদেজা বেগম ও স্থানীয় মর্তুজা আলী। মিলন বেগমের দাবি, তার স্বামী লিটন মিয়া পলাতক রয়েছে।
স্থানীয়রা বাংলা ট্রিবিউনকে জানান, উপজেলার জারুললিয়া গ্রামের সোহেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছে নিহত ইতু আক্তারের বাবা লিটন মিয়ার। ওই বিরোধের জের ধরে সোমবার সকালে সোহেল মিয়ার ও তার লোকজনকে ফাঁসাতে লিটন মিয়া ও তার স্ত্রী মিলন বেগম সাত মাসের শিশু ইফা আক্তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গুরুতর আহত রিফাকে উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
ওসি জানান, থানায় আটক নিহতের মা মিলন বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রতিপক্ষকে ফাঁসাতেই শিশুটিকে হত্যা করা হয়েছে। স্থানীয় মর্তুজা আলী এ ঘটনার ইন্ধনদাতা বলেও মনে করা হচ্ছে। ঘটনার মূল ঘাতক লিটনকে আটকের চেষ্টা চলছে।
/এইচকে/