বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না: শিক্ষামন্ত্রী

সিলেটে শিক্ষামন্ত্রীবাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি  বলেন, ‘বাংলাদেশের অসাম্প্রদায়িকতার ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য লালন করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

রবিবার (২৮ আগস্ট) সিলেট সরকারি কলেজের সামগ্রিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ইসলামের নামে যারা জঙ্গিবাদী আচরণ করছে- তাদের যেকোনও মূল্যে রুখতে হবে। এজন্য ছাত্র-শিক্ষক সবাইকে সোচ্চার হতে হবে। যারা সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ কাজী আতাউর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সিলেট সরকারি কলেজ উন্নয়নের মাস্টারপ্ল্যান ১০ দিনের মধ্যে জমা দানের জন্য সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নির্দেশ দেন। পাশাপাশি কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শূন্য পদের তালিকা এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর তাগাদা দেন কলেজ অধ্যক্ষকে।

আরও পড়ুন- 

৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী

কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা

/এফএস/