সিলেট নগরীর যুগলটিলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ ব্রহ্মচারী। শনিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মামলা গ্রহণ করতে শনিবার রাত পর্যন্ত পুলিশ প্রশাসনকে সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে মামলা রেকর্ড না হলে রবিবার এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হবে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ জানান, হামলার পর উভয়পক্ষকে নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনা তদন্তে দুটি কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আটকদের ছেড়ে দেয়ার সিদ্ধান্তও নেওয়া হয় সভায়।
মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় কেউ মামলা দিতে চাইলে পুলিশ তা রেকর্ড করবে।’
প্রসঙ্গত, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কাজলশাহ মধুশহীদ জামে মসজিদের বিপরীতে ইসকন মন্দিরের ভেতর থেকে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের আওয়াজের কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুসল্লিরা। নামাজের পর মসজিদের মুসল্লিরা সীমানা প্রাচীরের বাইরে থেকে ইসকন মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় তারা রাস্তার উপর নির্মিত ইসকনের একটি গেট ও পাশের একটি ডেন্টাল ক্লিনিক ভাঙচুর করেন।
/এমও/