কোরবানির মাংসের ভাগ নিয়ে বিবাদ, হামলায় বৃদ্ধের মৃত্যু

কোরবানির মাংস বাটোয়ারামৌলভীবাজারের বড়লেখায় কোরবানির মাংস বাটোয়ারা নিয়ে হামলার ঘটনায় আহত কুতুব আলী (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের ভাতিজা আব্দুস সামাদ (৩০)। নিহত কুতুব আলী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দেরগুল গ্রামের মৃত আরব আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বড়লেখা থানার ওসি শহীদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চান্দেরগুল গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছিলো।
জানা গেছে, চান্দেরগুল গ্রামের আব্দুল মতিনের বাড়িতে নিহত কুতুব আলীর সঙ্গে কোরবানির মাংস ভাগ-ভাটোয়ারা নিয়ে একই গ্রামের মোজম্মেল আলীর ছেলে আব্দুল জলিলের বিবাদ হয়। এর কিছু পরে কুতুব আলী ছোরা পরিস্কার করতে পুকুর ঘাটে যান। তখন পেছন থেকে আব্দুল জলিল দা দিয়ে কুতুব আলীর পিঠে ও হাতে কোপ দেয়। এতে কুতুব আলী গুরুতর আহত হন। এসময় কুতুব আলীকে বাঁচাতে ভাতিজা আব্দুস সামাদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে জলিল পলিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কুতুব আলী মারা যান।

বড়লেখা থানার ওসি শহীদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

/এমও/