হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

হবিগঞ্জে দুর্ঘটনার শিকার সেই বাসঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে অলিপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেকার পরিবহনের একটি যাত্রীবাহি বাস সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ৩০ যাত্রী আহত হয়।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ওসি বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডের ওপর উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে।

/এইচকে/

পড়ুন: হবিগঞ্জে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা