নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামের দুই ভাই আজাদ মিয়া (৩৮) ও আলম মিয়া (২৬) এবং অটোরিকশাচালক জুড়ী উপজেলার শাহীন মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল প্রাইভেট কারটি। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাচালক ও চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই ভাই আজাদ মিয়া ও আলম মিয়া মারা যান। আর অটোরিকশাচালক শাহীন মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত দুজন রাজনগর উপজেলার গয়ঘর গ্রামের কয়েস মিয়া (৩৫) ও প্রেমনগর গ্রামের আবদুল আলীকে (৩০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি শ্যামল বণিক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাইভেট কার ও অটোরিকশা আটক করা হয়েছে। লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
আরও পড়ুন-
আহলে সুন্নাতকে প্রতিবাদ সভার অনুমতি দিয়ে মাঠে ছিল না প্রশাসন!
/এফএস/