সিলেটে যুবক হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন





সিলেটসিলেটের দলদলি চা বাগানে জাহাঙ্গীর আলম (১৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করে লাশ গুম করার চেষ্টার মামলার রায়ে একজনকে ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন।



ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শরিফ উদ্দিন (৩৫) সিলেট নগরের কলবাখানি এলাকার বাসিন্দা। এছাড়াও এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাতজন হলেন-সিলেট নগরের খাসদবির এলাকার বাসিন্দা ইকবাল মিয়া, গুলজার, গোয়াইপাড়ার কালাম মিয়া, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর গোয়াইপাড়ার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী দলদলি চা বাগানে নিয়ে যায় আসামিরা। পরে জাহাঙ্গীরের গলাকেটে লাশ গুম করার চেষ্টা করেন আসামিরা। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই সিলেট কোতোয়ালী থানায় ফরিদ মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশের উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ আটজনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৩১ জানুয়ারি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার মোট ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্টপক্ষে পিপি অ্যাডভোকেট মফুর আলী ও আসামিপক্ষে অ্যাডভোকেট আয়শা বেগম সেলি মামলাটি পরিচালনা করেন।
/এআর/