হবিগঞ্জে সীমান্ত থেকে মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৈতন্যপুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে ওইদিন বিকালে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের বাড়ির পাশে একটি টিলায় মাটি কাটার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৯টায় দিকে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে মাধবপুর থানায় জমা দেয়। পরে পুলিশ মঙ্গলবার রাতে মর্টার শেল উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, যুদ্ধের সময় ওই স্থানে মুক্তিযোদ্ধাদের বাংকার ছিল। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় ওই বাংকারে মর্টার শেলটি থেকে যায়। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা বিশেষজ্ঞ দল দ্বারা এটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হবে তা তিনি বলতে পারেননি।

/এআর/