সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক ছাত্রহলে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাতে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদ জানান, শাহপরাণ হল থেকে ৪২টি জিআইপাইপ, ৫টি দা, ৪টি ছুরি, ৩টি রড এবং কিছু সিমেন্টের টুকরা পাওয়া গেছে। বঙ্গবন্ধু হল থেকে জিআইপাইপ ২৭টি, রড ১০টি ও ক্রিকেটের স্ট্যাম্প ৫টি এবং সৈয়দ মুজতবা আলী হল থেকে একটা রড পাওয়া যায়।
হল সূত্রে জানা যায়, মধ্যরাতে শাবি প্রশাসন ও পুলিশ প্রসাশন অভিযান চালায়। তবে রবিবার সকালেও পুলিশের উপস্থিতিতে হল প্রভোস্ট ছাত্রদের রুম ঘুরে আসেন। অভিযানের সময় হল প্রভোস্টের পাশাপাশি ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আখতারুল ইসলাম, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় মূল হোতাদের চিহ্নিত করে বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত ৫ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে। এ আন্দোলনকে থামাতে শাবি প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা থাকায় আবাসিক হলের শিক্ষার্থীরা হেনস্তার শিক্ষার হয়েছেন।
শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সাথে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে দেশীয় অস্ত্র পাওয়া যাওয়ায় রুমটি সিলগালা করা হয়েছে। তবে বহিরাগত কাউকে পাওয়া যায়নি।
- নিঃশর্ত ক্ষমা চাইলেন গাইবান্ধার জেলা প্রশাসক
- বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় ওবামার হস্তক্ষেপ চাইলেন হিন্দুরা
/এমও/