সিলেটে নারীর আট টুকরো লাশ: অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেট

সিলেটের ওসমানীনগরে দু’টি কাগজের কার্টন থেকে ২৫ বছর বয়সী এক নারীর আট টুকরা লাশ উদ্ধারের ৪দিন পেরিয়ে গেলেও মেলেনি পরিচয়। অজ্ঞাতনামাদের দায়ী করে মামলা দায়ের করেছে পুলিশ। বেওয়ারিশ হিসেবে লাশটি নগরীর মানিক পীরের টিলায় দাফন করা হয়েছে।  সিলেট ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সিলেটসহ দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠালেও মেলেনি লাশের পরিচয়। এদিকে, এ ঘটনায় সিলেটের ওসমানীননগর থানার পুলিশ পরিদর্শক রমাপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে (১৪ ডিসেম্বর) মামলা দায়ের করেন। কোনও পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে (১৫ ডিসেম্বর) সিলেটের আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে নগরীর মানিক পীরের টিলায় লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে পুলিশ।

সিলেট ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ অজ্ঞাত ওই নারীর কোনও পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করেছে। মামলার দৃশ্যমান কোনও অগ্রগতি না থাকলেও পুলিশ জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল ঢাকা-সিলেট মহাসড়ক হওয়ায় লাশটি দুটি কার্টনে করে সিলেটের বাহির থেকে কেউ এসে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও লাশটি পুলিশ উদ্ধার করার ৪-৫ দিন আগে ফেলা হয়েছে। যার কারণে লাশটি গলে গিয়ে দুর্গন্ধ ছড়ায়।

তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কমকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, লাশের কোনও পরিচয় না পাওয়া গেলেও ময়নাতদন্তের সময় ডান ও বাম হাতের ১০টি আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। এই ছাপগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখানে প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর ভোটার আইডি কার্ডের সঙ্গে ছাপগুলো মেলানো হবে। যদি ছাপ গুলো মিলে যায় তাহলে ওই নারীর পরিচয় পাওয়া সম্ভব হবে বলে তদন্ত ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ লাশের পরিচয় শনাক্ত করার জন্য প্রযুক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অজ্ঞাত নারীর লাশের কোনও পরিচয় না পেয়ে (১৫ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, দুটি কার্টন থেকে দেহের বিভিন্ন অংশের ৮টি খন্ডিত অংশ পাওয়া গেলেও অপর হাতের ১টি অংশ পাওয়া যায়নি। কার্টনের ভেতরে পলিথিন আর কাপড় মুড়িয়ে বিভিন্ন অঙ্গ ছিল। যাতে করে কার্টনের ভেতর থেকে রক্ত বের না হয়।

উল্লেখ্য গত বুধবার (১৪ ডিসেম্বর) সিলেটের ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ডাইভারশন সড়কের সেতুর নিচ থেকে দুটি পরিত্যক্ত কাগজের কার্টন থেকে ৮ খন্ড লাশ উদ্ধার করে পুলিশ।

/এইচকে/