সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে সিন্ডিকেটের প্রতিনিধি দল বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় রাষ্ট্রপতির নিকট বিভিন্ন হল ও ভবনের নামকরণে পূর্বে গৃহীত সিদ্ধান্ত স্থগিতকরণ বিষয়ে অবহিত করা হলে রাষ্ট্রপতি ‘দ্বিতীয় ছাত্রহলে’র নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নামকরণের সদয় সম্মতি প্রদান করেন। অন্যান্য হল ও ভবনের নামকরণের ব্যাপারে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাতের সময় উপাচার্য শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতির সদয় সম্মতি ও সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন। এবারের শাবির তৃতীয় সমাবর্তনে থাকার সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।
শিক্ষার্থীরা যাতে পাঠ্যক্রমের বাইরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি ।
এছাড়াও তিনি বৈশ্বিক প্রতিযোগিতার জন্য যোগ্য করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম আরোও জোরদার করার আহবান জানান ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে মনিটরিং জোরদার করার পরামর্শ দেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১৯৯৯ সালের ৩০ আগস্ট ৮৭তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের দশটি ভবনের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনুকূলে না থাকায় তৎকালীন রাষ্ট্রপতির মৌখিক নির্দেশে ২০০০ সালের ৬ মে ৮৯তম সিন্ডিকেট সভায় ১০টি ভবনের নামকরণের উপর স্থগিতাদেশ প্রদান করা হয়। দীর্ঘ ১৬ বছর পর বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মৌখিক নির্দেশেই পুনরায় নামকরণ করা হয়েছে এবং পরবর্তী সিন্ডিকেটে এ বিষয়টি অবহিত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ড. মো. কবির হোসেন, ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।
/এএ/