শাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ছাত্রীদের ওপর যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিরোধ কেন্দ্রে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই লিখিত অভিযোগের কপি শাবি উপাচার্য, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও গণিত বিভাগীয় প্রধান বরাবর দেওয়া হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন অভিযুক্ত কনস্টেবলকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও জানান, কনস্টেবল মিজানুর রহমানের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানানো হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণিত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্তঃবিভাগ ক্রিকেট খেলা চলছিল। এ সময় কনস্টেবল মিজানুর রহমান গণিত বিভাগের তিন ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে।  এ ঘটনায় উপস্থিত গণিত বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ জানায়। পরে শাবির সহকারী প্রক্টর ও গণিত বিভাগের শিক্ষক আলমগীর কবীর বিষয়টি শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষক আলমগীর কবীর জানান, তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কনস্টেবলকে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শাবির যৌন নিরোধ কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমীন হক জানান, এক ছাত্রী আমাকে এ ব্যাপারে ফোন করেছিল। আমরা এ ব্যাপারগুলো তদন্ত করে পাঠাই কিন্তু প্রশাসনতো কোন ব্যবস্থা গ্রহণ করে না।

/এমডিপি/