জুড়ীর উপজেলা ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মৌলভীবাজারমৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।
বুধবার জুড়ী ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের চেষ্টার অভিযোগে ঘটনার ছয় মাস পর গত বছরের (২০১৬) ১ জুন জুড়ী থানায় করা একটি মামলায় পুলিশ ওই বছরের ২৯ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর আগে ৬ জুন উচ্চ আদালত থেকে এ মামলায় ছয় মাসের আগাম জামিন পান কিশোর।
স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের (২০১১ সালে সংশোধিত) ১৩খ(১) ধারা অনুসারে তাকে (কিশোর) সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া কিশোর রায় চৌধুরী মনি জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। দলের প্রতিপক্ষরা এটা করেছে। এর আগে প্রতিপক্ষরা প্রাণনাশের উদ্দেশে তার বাড়িতে হামলাও চালিয়েছে। বরখাস্তের আদেশের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালাবেন।

/এআর/