শাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষআন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এ মামলা দায়ের হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ক্রিকেট খেলায় মারামারির ঘটনায় আইপিই বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার বাদী বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নামসহ আরও  ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

মামলার বিবাদীরা হলেন এমবিএ প্রথম সেমিস্টারের মৃন্ময় দাস ঝোটন (যুগ্ম সাধারণ সম্পাদক), সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. জাকির খান (ক্রীড়া সম্পাদক), একই বিভাগের অসীম বিশ্বাস (স্কুলছাত্র বিষয়ক সম্পাদক), ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের আবুল হাসান মোল্লা, একই বিভাগের রনি তালুকদার, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহদি হাসান স্বাধীন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তাক মিয়া (দপ্তর সম্পাদক) প্রমুখ।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যকার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত আটজন ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হন।

/বিটি/