কর্মবিরতিতে সিলেটের আরও ৪ মেডিক্যালের ইন্টার্নরা

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজবগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজের (শজিমেক) ৪ ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজসহ ৪ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (৪ মার্চ) সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধনও করা হয়। বাকি ৩টি হাসপাতাল হলো নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও উইমেন্স মেডিক্যাল কলেজ।
ওসমানী মেডিক্যালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুস ছবুর মিঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাবে বলে জানালে সেবা অব্যাহত রাখতে সিনিয়রদের নিয়ে বৈঠক করেছি।’
একই মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক অন্তরদ্বীপ নন্দী বলেন, ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালের চার ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করে তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখতে হবে। এছাড়া ইন্টার্নদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি দু’টি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’
/এমএ/এমও/