স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার একটি ব্রিজ ধসে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে আগত রেলওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে ব্রিজ মেরামতের কাজ শুরু করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, ইটাখোলা এলাকার ৫৬নং ব্রিজটি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড বৃষ্টির কারণে ব্রিজের গোড়া থেকে মাটি সরে যায়। সেই সঙ্গে একটি পিলার ধসে পড়ে। ফলে ব্রিজটি দেবে যায়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের কোনও উদ্যোগ নেয়নি। প্রতিদিন আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, কালনী, সুরমা, জালালাবাদসহ ১৫-২০টি ট্রেন এ ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন কোনও হস্তক্ষেপ করেনি।
স্থানীয় বাসিন্দা আকমল মিয়া বলেন, ‘সেতুর নিচ থেকে এলাকার একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। যে কারণে দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। তবে ভাগ্য ভালো যে ট্রেন আসার আগেই মানুষের নজরে আসে সেতুটি।’
আব্দুল আহাদ জানান, ‘ব্রিজটি অনেক পুরনো ও নিচে মাটি না থাকার কারণে দেবে গেছে। চারপাশে মাটি থাকলেও হয়তো এভাবে আকস্মিকভাবে এটি ধসে পড়তো না।’
এদিকে শুক্রবার বিকালে রেলওয়ের ডিজি আমজাদ হোসেনসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় দ্রুত মেরামতকাজ শেষ করার আশা প্রকাশ করেন সাংবাদিকদের কাছে।
এ ব্যাপারে রেলওয়ে বিভাগের প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, ‘ব্রিজটির অবস্থা খুবই খারাপ। মেরামতের কাজ শুরু হয়েছে। পুরোপুরি মেরামত না করা পর্যন্ত ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকবে।’
তিনি আরও জানান, রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম এনে দ্রুত ব্রিজটি মেরামত করার চেষ্টা করা হচ্ছে। পুরোপুরি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী সোমবার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন খান জানান, ‘পাহাড়ি ঢলে ব্রিজটি দেবে যাওয়ার কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজটি মেরামতের জন্য কাজ চলছে। মেরামতের কাজ শেষে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করতে।’
/এফএস/
আরও পড়ুন-
কুমিল্লায় আ. লীগ হারলেও সরকার জিতেছে: ওবায়দুল কাদের
যাত্রীবাহী ট্রলারডুবি: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা