হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জহবিগঞ্জের নবীগঞ্জে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বুধবার সকালে এ সংঘর্ষ হয়।

নিহত সুজাত মিয়া (১৬) নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের আমরাখাই গ্রামের অপর মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, জেলার নবীগঞ্জ উপজেলার আমরাখাই গ্রামে বুধবার সকালে ষাড়ের লড়াই চলছিল। লড়াইয়ের একপর্যায়ে গ্রামের অপর মিয়ার সঙ্গে  আরেক ষাড়ের মালিক আব্দুর খালেকের ঝগড়া হয়। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় অপর মিয়ার ছেলে সুজাত।  আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/বিএল/