বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত (ফাইল ছবি)চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আখাউড়া রেল সেকশনের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তীস্থানে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আখাউড়া-সিলেট রেলপথের প্রধান লাইনে চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে গেছে। ট্রেন লাইন চালু হতে আরও এক ঘণ্টা সময় লাগবে।’