কৃষিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে কৃষিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ, আর এক্ষত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে কৃষিবিদদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের কাছে পৌঁছাতে হবে। এক্ষেত্রে বর্তমান কৃষিবান্ধব সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। উদ্বোধন অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. গোলাম শাহী আলমের সভাপতিত্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ কয়েস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।