সিলেটে প্রবাসীর ছেলের লাশ উদ্ধার



তুফায়েল আহমদ দিপু
সিলেটের গোলাপঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় লেচু বাগান গ্রামের তুফায়েল আহমদ দিপু (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে দিপুর বাড়ির পাশ থেকেই তার লাশ উদ্ধার করে পুলিশ। দিপু রায়গড় গ্রামের সৌদী প্রবাসী আলমাছ উদ্দিনের ছেলে। স্থানীয় বাজারে তার একটি সাইবার ক্যাফে রয়েছে।









গোলাপগঞ্জ মডেল থানার ওসি ফজলুল হক শিবলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দিপু রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ঢাকা দক্ষিণ বাজারে আসে। গভীর রাতেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাননি। পরে সোমবার সকালে দিপুর বাড়ির পাশেই তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, এই ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় জানাতে চাননি তিনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে তারা নিহতের সম্পর্কে চাচাতো ভাই।
ওসি জানান, দিপুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশের পাশ থেকে একটি রক্তমাখা রড উদ্ধার করা হয়েছে। হত্যার মোটিভ ও কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে যতটুকু ধারণা পারিবারিক দ্বন্ধের কারণে দিপুকে হত্যা করা হয়েছে।