চুরি হওয়া মোটরসাইকেল পুলিশ কর্মকর্তার কাছ থেকে উদ্ধার

সিলেট নগরের মানিকপীর রোড থেকে সাংবাদিক মারুফ আহমদের চুরি হওয়ায় মোটরসাইকেল কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) সমীরণ সিংহের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে পুলিশ নগরের তালতলা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সমীরণবিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। আপাতত এসআই সমীরণ সিংহকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।’

তিনি আরও জানান, সাংবাদিক মারুফ অভিযোগ করেছেন এসআই সমীরণ তার চুরি হওয়া ডিসকভার মোটরসাইকেল ব্যবহার করছেন। সমীরণ তালতলার একটি ওয়ার্কশপে মোটরসাইকেলটি নিয়ে গেলে সাংবাদিক মারুফ পুলিশকে অবগত করে। পরে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তসীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে ঘটনাটি কি তা এখনও পরিষ্কার নয়। তবে সাংবাদিক মারুফ অভিযোগ করেছেন ডিসকভার মোটরসাইকেলটি তার এবং সেটি সম্প্রতি মানিকপীর রোড থেকে চুরি হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

এ বিষয়ে জানতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সমীরণ সিংহের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।