বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে শহরে তিন দিনের অচলাবস্থা
৬ জানুয়ারি, ২০১৭। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে শ্রমিক ও ব্যবসায়ীদের মারামারির ঘটনায় তিন দিনের অচলাবস্থার মাধ্যমেই শুরু হয় মৌলভীবাজারবাসীর নতুন বছর। শ্রীমঙ্গলে ট্রাক স্ট্যান্ডে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের মারধর করে শ্রমিকরা, পরে পাল্টা অভিযানে নামে বিজিবি। বিজিবির গুলির প্রতিবাদে পরের দিন সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন সেক্টরে ধর্মঘট ডাকে শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। এরপর টানা তিন দিন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। শহরে কোনও যানবাহন প্রবেশ করেনি। এমনকি সিএনজি পর্যন্ত চলাচল করতে পারেনি। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে জনসাধারণকে। পরে বিজিবির গুলিতে আহতদের মধ্যে এক ব্যবসায়ীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি ও বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে থমথমে অবস্থা বিরাজ করে শহরে।
দুটি জঙ্গি আস্তানায় রুদ্ধশ্বাস অভিযানে নিহত ১০
২৯ মার্চ বুধবার। রাত থেকে জেলার বড়হাট ও নাসিরপুরে দুইটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। এরপর জঙ্গি আস্তানার আশপাশের দুই কিলোমিটার জায়গাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আস্তানাগুলো ঘিরে ফেলে পুলিশ ও র্যাব। নাসিরপুরে সোয়াট টিমের প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে ‘অপারেশন হিটব্যাক’ পরিচালনা করা হয়। অপারেশন হিটব্যাক চলাকালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে ওই আস্তানায় শিশুসহ সাত জঙ্গি নিহত হয়।
নাসিরপুর অপারেশন হিটব্যাক চলাকালে মৌলভীবাজার পৌরসভার বড়হাটের জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ ও র্যাব।। পরে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযানে নামে সোয়াট টিম। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। এতে নিহত হয় নারীসহ তিন জঙ্গি।
উজানের পাহাড়ি ঢল আর বছরজুড়ে টানা বৃষ্টি
অসময়ের অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় ভেসে যায় দুই মৌসুমের বোরো ও আমন ধান। মারা যায়, মাছ, হাঁস, জলজ প্রাণী ও উদ্ভিদ। বছরজুড়ে একের পর এক টানা বিপর্যয় এর আগে কখনও দেখেনি এ অঞ্চলের মানুষ। এই প্রাকৃতিক দুর্যোগের পর বিপর্যস্ত হয়ে পড়ে হাওর অঞ্চলের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হয় নদী পাড়ের মানুষরাও। আকস্মিক বন্যায় নদীর পাড় ভেঙে প্লাবিত হয় তীরবর্তী গ্রাম। ধান, মাছ, সবজি, গৃহপালিত পশু আর ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন কৃষি ও মৎস্যজীবীরা। ২০১৭ সালের মার্চ থেকে শুরু হওয়া এই দুর্যোগের দুর্ভোগ এখনও চলমান।
মৌসুমজুড়ে চলেছে বৈরী আবহাওয়া। তাই এ বছর আশানুরূপ উৎপাদন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন চা শিল্পের লোকজন। চা উৎপাদনে ১৩৬ বছরের রেকর্ড ভেঙেছে গত বছর। তাই এ বছরের শুরুর দিকে আরও বেশি সম্ভাবনার স্বপ্ন নিয়ে উৎফুল্ল ছিলেন চা বাগানের মালিকরা। কিন্তু বাস্তবে উল্টো ফল দেখা যাচ্ছে। কখনও অতিবৃষ্টি, কখনও উচ্চ তাপমাত্রা আর মেঘলা আবহাওয়াসহ বিভিন্ন কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। বাগান মালিকদের ধারণা, এ বছর উৎপাদনে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ পিছিয়ে থাকতে হবে।
হাতি আতঙ্ক
পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে রীতিমতো বিপর্যস্ত ছিল লোকজন। স্থানীয় হিসাব অনুযায়ী, হাতির আক্রমণে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ফসলের ক্ষেত ও গাছপালার ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর।
রসগোল্লা নামের এক উন্মত্ত পুরুষ হাতির আক্রমণে গত ৩ সেপ্টেম্বর রাতে জুড়ী উপজেলার পুটিছড়ার বাসিন্দা মঙ্গল খাড়িয়া নামে এক চা শ্রমিক ও ২৩ সেপ্টেম্বর কুলাউড়ার কর্মধা গনি মিয়া (৪৫) নামে এক মাহুত নিহত হন। এছাড়া ৪ নভেম্বর কুলাউড়ার টিলাগাঁওয়ে পোষা মা হাতি লক্ষ্মীর আক্রমণে ইউছুফ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। একের পর এক হাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনায় এ অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জেলা ছাত্রলীগের দুই কর্মী খুন
মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে একই গ্রুপের অপর কর্মীরা। ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব (২২) ও নাহিদ আহমদ মাহিকে (১৬) প্রতিপক্ষ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা মাটিতে লুটিয়ে পরে। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাবাব শহরের পুরাতন হাসপাতাল এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মাহি কনকপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। তিনি এসএসসি শিক্ষার্থী বলে জানা গেছে। দুজনই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি গ্রুপের কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসি বিস্ফোরণে কুয়েত প্রবাসী একই পরিবারের ৫ জনের মৃত্যু
১৫ অক্টোবর বিকালে কুয়েতে থাকা অবস্থায় জুনেদ আহমেদ নামে এক প্রবাসীর পরিবারের ভাড়া ভবনে এসি বিস্ফোরণে তার স্ত্রী ও সন্তানসহ পাঁচ জন মারা যান। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামে। জুনেদ আহমদ কুয়েতের সেনাবাহিনীতে চাকরি করতেন। কুয়েত সিটির সালমিয়াত এলাকার একটি পাঁচ তলা ভবনে সপরিবারে থাকতেন তিনি। এ সময় জুনেদ আহমদ বাইরে থাকায় বেঁচে যান।
লন্ডনে অগ্নিকাণ্ডে প্রবাসী একই পরিবারের ৫ জন নিহত
লন্ডনের গ্রিনফেল টাওয়ারে ১৪ জুন অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন একই পরিবারের পাঁচ সদস্য। এদের মধ্যে তিন জন পুরুষ ও দুই নারী। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার খৈসাউড়া গ্রামে।
এদিকে অনেক হতাশা ও উৎকণ্ঠার মধ্যেও কিছু আশার খবরও পেয়েছে মৌলভীবাজারবাসী। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো- শ্রীমঙ্গল রাবার কাঠ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও চা নিলাম কেন্দ্রের উদ্বোধন। দেশের সবচেয়ে বেশি চা বাগানের জন্য চায়ের শহর খ্যাত মৌলভীবাজারের চা চাষি ও ব্যবসায়ীদের জন্য স্বস্তি বয়ে এনেছে চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়টি।
শ্রীমঙ্গল রাবার কাঠ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও চা নিলাম কেন্দ্রের উদ্বোধন
জীবনচক্র হারানো রাবার গাছকে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার না করে আসবাবপত্রের কাঠে রূপান্তর করতে শ্রীমঙ্গলে ৩৪ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে দেশের সর্ববৃহৎ রাবার কাঠ পেশার ট্রিটমেন্ট প্ল্যান্ট।
অপরদিকে শ্রীমঙ্গলে স্থাপিত হয়েছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। গত ৮ ডিসেম্বর এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
চালু হচ্ছে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ
কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ১৫ বছর ধরে বন্ধ থাকায় ট্রেন আবারও সচল করার জন্য ১৫ নভেম্বর ভারতের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। নতুন করে রেলপথটি চালুর প্রত্যাশায় উৎফুল্ল হয়েছে চার উপজেলার কয়েক লাখ মানুষ।
জেলা আওয়ামী লীগ ও বিএনপির নতুন কমিটি
একযুগ পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর নেছার আহমদকে সভাপতি, মিছবাউর রহমানকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট রাধাপদ দেব সজলকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দীর্ঘদিন পর নতুন জেলা কমিটি পেয়েছে যুবলীগ।
অপরদিকে এম নাসের রহমানকে সভাপতি, মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক, বকশি মিসবা উর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও মো. ইদ্রিস আলীকে প্রচার সম্পাদক করে দীর্ঘদিন পর মৌলভীবাজার জেলা বিএনপির ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।