কুয়াশার কারণে হাওরে হেলিকপ্টারের জরুরি অবতরণ

ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারের জরুরি অবতরণ

হবিগঞ্জের লুকড়া হাওরে ঘন কুয়াশার কারণে একটি প্রাইভেট হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ সময় হাজার হাজার উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে ভিড় করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সামাল দেয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জরুরি অবতরণের কথা স্বীকার করেছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ মিয়া জানান, বুধবার দুপুরে একটি প্রাইভেট হেলিকপ্টার এ এফ ওয়াই এস-২ ঢাকা থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার রিসোর্ট দ্যা প্যালেসে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে রাস্তা হারিয়ে সদর উপজেলার লুকড়া হাওরে জরুরি অবতরণ করে। দেড়ঘণ্টা পর হেলিকপ্টারটি আবার প্যালেসের উদ্দেশে রওয়ানা দেয়।  খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সামাল দেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাছ জানান, দুপুরের দিকে হঠাৎ করে লুকড়া হাওরে একটি লাল রঙ্গের হেলিকপ্টার জরুরি অবতরণ করে। বিষয়টি দেখার পর স্থানীয় লোকজন হেলিকপ্টার দেখতে হাওরে ছুটে যায়। 

আরও পড়ুন: গাজীপুরে আগুনে ২০টি কক্ষ পুড়ে ছাই