হবিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

হবিগঞ্জহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ কোম্পানির নির্মানাধীন ছাদ ধসে ফিরোজ মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন শ্রমিক। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলো- সবুজ মিয়া (৩২), মিজানুর রহমান (২৮), মেহের মিয়া (২৯), রাজিব হোসেন (২১)।  

পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ কোম্পানির একটি নির্মানাধীন ছাদ শুক্রবার বিকালে ধসে পড়ে। এ সময় ছাদের নিছে চাপা পড়ে ফিরোজ মিয়াসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা  ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন।  

চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 



প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানেজার এহসানুল হাবিব ছাদ ধসের ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আহত এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করা হবে।’

ওসি মো. নাজিম উদ্দিন  জানান, এ ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি। যদি কেউ মামলা দায়ের করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।