মৌলভীবাজারে ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

মুসল্লিমৌলভীবাজারের জেলা ভিত্তিক ইজতেমায় লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) শহরতলীর জগন্নাথপুর উপশহর এলাকায় ইজতেমা ময়দানে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
নিয়মিত তাবলিগ জামাতের ছাড়াও মৌলভীবাজারসহ আশপাশের হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন। ইজতেমা ময়দানে জেলার সর্ববৃহৎ জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। নামাজ শুরু হয় ১টা ৪০ মিনিটে। নামাজে ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের মুরব্বি মো.ওমর ফারুক।
জুমার নামাজ আদায় করতে দুপুর ১২টার দিকে ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের ভেতরে স্থান না পেয়ে মুসল্লিরা সড়কের অলি-গলিসহ যে যেখানে পেরেছেন জুমার নামাজে শরিক হয়েছেন। নামাজে অংশ নেন জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলামসহ জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
মৌলভীবাজারে ইজতেমায় জেলার মুসল্লিদের পাশাপাশি ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন।
বিদেশি মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় বিদেশিদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’