শ্রীমঙ্গলে আবারও শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজার

শ্রীমঙ্গলে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং একই সঙ্গে তাপমাত্রাও কমছে। এরইমধ্যে মৌলভীবাজার জেলার হাওর বেষ্টিত গ্রাম এলাকা যেমন, হাকালুকি হাওর, হাইল হাওর ও কাউয়াদীঘি হাওরসহ চা বাগান এলাকার মানুষ শীতে কষ্ট করছে। শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।

আজ ২৮ জানুয়ারি রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস (কুড়িগ্রামের রাজারহাটে)। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার (২৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে রবিবার সকাল সাড়ে ৯টায় বলেন, ‘তাপমাত্রা কমায় শীত ধীরে ধীরে বাড়ছে। সারাদেশেই শীতের প্রকোপ বাড়বে। কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে, বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘এখন মাঘ মাস চলছে। আজ  মাঘ মাসের ১৫ তারিখ। শীতের শেষ দিকে একটু ঠাণ্ডা একটু বেশি পড়ে।  শ্রীমঙ্গলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ বেশ কিছু ‍দিন অব্যাহত থাকতে পারে।’

 

আরও পড়ুন: ময়মনসিংহে বেপরোয়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র