সুনামগঞ্জের পৌর মেয়র জগলুল আর নেই

সুনামগঞ্জের পৌর মেয়র আয়ূব বখত জগলুল সুনামগঞ্জ পৌরসভার টানা দুই বারের নির্বাচিত মেয়র আয়ূব বখত জগলুল (৫৩) মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

আওয়ামী লীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক জগলুল দলের জাতীয় কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

আজ জগলুলকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য শহরের বাসভবনে তার লাশ রাখা হবে। মেয়রের ছোট ভাই রশিদ বখত নজরুল বলেন, ‘আজ বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে তার লাশ সুনামগঞ্জে আসবে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ২টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।’

জগলুল ছাত্রলীগের মধ্যে দিয়ে রাজনীতি শুরু করেন। বিপুল ভোটের ব্যাবধানে তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি জেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করেন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল বলেন, ‘মেয়রের আকস্মিক মৃত্যুতে তার কার্যালয় পৌরসভাসহ সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম বলেন, ‘জগলুল ছিলেন সাধারণ মানুষের নেতা। তাই তার ডাকে শত শত মানুষ অধিকার আদায়ের সংগ্রামের রাজপথে নেমে আসতো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।’

সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী কালীপদ রায় বলেন, ‘আয়ূব বখত জগলুল সততার জ্বলন্ত উদাহরণ। তিনি পৌরসভায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।’
পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি বলেন, ‘মেয়র আমাকে বড় বোনের মতো করে দেখতেন। তিনি পৌর কাউন্সিলর ও পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ভাইবোনের মতো। তার মৃত্যুতে সুনামগঞ্জবাসী একজন সৎ ও নির্ভিক রাজনীতিবিদকে হারালো।’