নিহত স্কুলছাত্র হাবিব মিয়া (১২) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খুঁজেরগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সে স্থানীয় বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার বানিয়াগাঁও মাদ্রাসায় মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয় হাবিব। রাতে সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াগাঁও এলাকার একটি হাওরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।