মোটরসাইকেলে ধাক্কা লাগার ঘটনা নিয়ে সংঘর্ষ, নিহত ২

সংঘর্ষমোটরসাইকেলে ধাক্কা লাগার ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিনিময়েরও ঘটনা ঘটে। এছাড়া ওই এলাকার বাজারের প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়।

নিহতরা হলেন বরইকান্দি এলাকার বাবুল আহমদ ও মাসুক মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ মার্চ) রাতে বরইকান্দি বাজার এলাকায় এক যুবকের গায়ে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এ ঘটনায় ওই এলাকার ৩নং রোডের যুবকদের সঙ্গে ১০নং রোডের কয়েকজন যুবকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে একই ঘটনা নিয়ে মঙ্গলবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুইপক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

সিলেট মহানগর ‍পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, বরইকান্দি এলাকার এক মোটরসাইকেল চালক বাজারে দাঁড়িয়ে থাকা আরেক যুবককে ধাক্কা দেয়। এ ঘটনা নিয়ে উভয়পক্ষ মঙ্গলবার সংঘর্ষে জড়ায়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।