রাষ্ট্রপতি বরাবর শাবির আড়াই হাজার শিক্ষার্থীর স্মারকলিপি

01বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বরাবর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের মৌন মিছিল পরবর্তী সময়ে প্রশাসনিক ভবন-২ এর সামনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ হামলার ঘটনায় প্রতিবাদ অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তিন দফা দাবিও জানান তারা।

তিন দফা দাবির মধ্যে রয়েছে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু ও সঠিক তদন্ত প্রকাশ, হামলার দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

02স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং নিরাপত্তার নামে কাউকে হয়রানি না করে যথাযথ পদক্ষেপ নেওয়ার।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতি দ্রুত এটি রাষ্ট্রপতি বরাবর পাঠানোর ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। এরপর তাকে ওসমানী মেডিক্যাল কলেজে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসকরা।