থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান নিয়ে এসেছে- এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক ফজলে রাব্বী, উপপরিদর্শক মো. জাকারিয়া ও সহকারী উপপরিদর্শক এনামুল হক ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ৬০ পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
আল আমিনের বাড়ি কমলগঞ্জ থানার বাঘমারা গ্রামে। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে শ্রীমঙ্গলের শাপলাবাগ রেললাইনে পাশে বসবাস করছেন।
এদিকে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিনের সহযোগীরা মাদক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আল আমিনকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ মার্চ) ‘শ্রীমঙ্গলে আল আমিনের মাদক রাজত্ব’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হলে শ্রীমঙ্গল থানা পুলিশ নড়েচড়ে বসে। পরে সেই আল আমিনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।