জালালাবাদ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে রিমান্ডের খবর নিশ্চিত করেন।
এর আগে সকাল ১১টার দিকে ফয়জুরকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, চার দিন ফয়জুর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ সময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এদিকে আহত ড. জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
‘দাওয়াহ ইলাল্লাহ’ নামে একটি উগ্রবাদী ফোরামের নির্দেশনায় লেখক ও অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হামলাকারী ফয়জুল। ওই গ্রুপে জাফর ইকবালকে হত্যা করা নিয়ে নিয়মিত আলোচনাও হতো বলে জানিয়েছে সে।